শনিবার, ১১ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিক্ষকরাই পারেন সমাজ পরিবর্তন করতে: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৬, ১১ জুলাই ২০২৬

শিক্ষকরাই পারেন সমাজ পরিবর্তন করতে: আবদুল জব্বার 

মাওলানা আব্দুল জব্বার

একটি আদর্শ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাকে অগ্রগণ্য উল্লেখ করে নারায়ণগঞ্জে এক বিশেষ আলোচনা সভা ও ফলচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জুলাই বিকালে 'বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন' নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​"সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা" শীর্ষক এই আলোচনা সভা ও ফলচক্র-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, একটি মেধাভীতিহীন, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের বিকল্প নেই। শিক্ষকরাই পারেন সমাজ পরিবর্তন করতে এবং তরুণ প্রজন্মকে সঠিক ও সুন্দর পথ দেখাতে।

​আদর্শ শিক্ষক ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি জনাব মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।

​“আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন”—এই মহৎ বাণী ও আদর্শকে সামনে রেখে সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন একটি জাতির মেধা ও মনন গড়ার আসল কারিগর। একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের মাঝে সঠিক, বাস্তবমুখী ও আদর্শ শিক্ষার বিস্তার ঘটানো শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান বৈশ্বিক ও সামাজিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।

​মূল আলোচনা সভা শেষে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দের অংশগ্রহণে ‘ফলচক্র’ (ফল উৎসব) উদযাপিত হয়।

​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।