বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি এমপি দিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৪, ২৬ আগস্ট ২০২৬

ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি এমপি দিপুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এ লক্ষ্যে মেট্রোরেলের সম্ভাব্য রুট সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক চিঠিতে এ দাবি জানান সংসদ সদস্য দিপু। চিঠিতে তিনি রূপগঞ্জের জনসংখ্যা, শিল্পকারখানা, ভৌগোলিক অবস্থান এবং যানজটের বিষয়গুলো তুলে ধরে মেট্রোরেল সম্প্রসারণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরীর কাছাকাছি অবস্থিত রূপগঞ্জ একটি জনবহুল ও শিল্পসমৃদ্ধ উপজেলা। প্রায় ১৭৬ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় রূপগঞ্জ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছে।

সংসদ সদস্যের চিঠিতে আরও উল্লেখ করা হয়, রূপগঞ্জে এক হাজারের বেশি ছোট-বড় শিল্পকারখানা রয়েছে। দেশের নিটওয়্যার উৎপাদনের উল্লেখযোগ্য অংশ এ এলাকায় হয়ে থাকে। পাশাপাশি হোসিয়ারি, জামদানি ও বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর কারখানা রয়েছে উপজেলাটিতে। এসব শিল্পকারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারী ছাড়াও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও কর্মসংস্থানের প্রয়োজনে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রূপগঞ্জ থেকে ঢাকা ও আশপাশের এলাকায় যাতায়াত করেন।

ফলে সড়কপথে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভুলতা, গোলাকান্দাইলসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও কর্মজীবীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে মানুষের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিল্প ও বাণিজ্যের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকার জন্য সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল পরিকল্পনায় এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫-এর বিভিন্ন রুট রাখা হয়েছে। রূপগঞ্জের জনগণ ও বিভিন্ন অংশীজন দীর্ঘদিন ধরে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানিয়ে আসছেন।

এমপি দিপু প্রস্তাব করেছেন, এমআরটি লাইন-১-এর পূর্বাচল থেকে ভুলতা-গোলাকান্দাইল অথবা এমআরটি লাইন-৫-এর দাশেরকান্দি/ভাটারা থেকে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত সম্ভাব্য যেকোনো একটি রুট সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তার মতে, এ ধরনের সম্প্রসারণ করা হলে রূপগঞ্জ ও আশপাশের এলাকার দীর্ঘদিনের যানজট কমানোর পাশাপাশি মানুষের দ্রুত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে শিল্প-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে।

এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মানুষের জন্যও রূপগঞ্জের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠির শেষাংশে রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের সদয় দিকনির্দেশনা ও বিশেষ হস্তক্ষেপ কামনা করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।