বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২২, ২৬ আগস্ট ২০২৬

নদী পরিদর্শনে পরিকল্পনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী 

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, আমাদের জলাশয়, খালের প্রবাহ কিভাবে বাড়ানো যায়। ভূ উপরিভাগের পানি কিভাবে বাড়ানো যায় এসব নিয়ে আমাদের একাধিক প্রকল্প রয়েছে। এসব প্রকল্প কিভাবে সমন্বয় করে কাজ করা যাবে তা নিয়ে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটির পক্ষ থেকে আমি ও আমাদের একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবগন নদীপথ ভিজিট করেছি।

বুধবার (২৬ আগস্ট) বুড়িগঙ্গা, শীতক্ষ্যা ও ধলেশ্বরী নদী পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ ভিআইপি জেটিতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

জোনায়েদ সাকি বলেন, এখানে দূষণের কারন চিহ্নিত করা, দূষণ ও দখলমুক্ত করার পরিকল্পনা হাতে নেয়া এবং নদী কিভাবে মানুষের উপকারে লাগানো যায় তা নিয়ে আমরা কাজ করছি। আজকের পরিদর্শনের পর এটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে। সেখানে আমরা বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরতে পারবো।

তিনি বলেন, নদী ও জলাশয়ের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি ঢাকা শহরের খালগুলোর সঙ্গে নদীর যোগাযোগ কীভাবে বাড়ানো যায়, সেটিও দেখা হচ্ছে। পানি সরবরাহে ভূগর্ভস্থ পানির পরিবর্তে কীভাবে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়ানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, নদী ও জলাশয় ঘিরে নেওয়া বিভিন্ন প্রকল্প কীভাবে সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবরা বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন।

নারায়ণগঞ্জের নদী দখল ও দূষণের প্রসঙ্গে তিনি বলেন, কোথা থেকে কীভাবে দূষণ হচ্ছে, নদীর চারপাশের কোন কোন জায়গা দখল করা হয়েছে এবং এসব দখলের ধরন কী, তা চিহ্নিত করা হচ্ছে। নদীকে দখলমুক্ত করার পাশাপাশি পাড় রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, নদী থেকে মানুষের যে সুবিধা পাওয়ার কথা, সেই সুবিধা কীভাবে নিশ্চিত করা যায়, সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সেটিও বোঝার চেষ্টা করা হচ্ছে। পরিদর্শন শেষে এসব বিষয়ে বৈঠক হবে এবং পাওয়া তথ্য ও সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

সরেজমিনে পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।