বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:০৮, ২৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। উপজেলার গোলাকান্দাইল খানকা শরিফ থেকে শুরু হওয়া এ জশনে জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী হুজুরের নির্দেশনায় আয়োজিত জুলুসটি গোলাকান্দাইল খানকা শরিফ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ।

জুলুসে অংশগ্রহণকারীদের কণ্ঠে হামদ-নাত, দরুদ শরিফ ও নবীপ্রেমের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। অনেকের হাতে ছিল ধর্মীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

জুলুস আয়োজনে বক্তব্য রাখেন, নূরুল আলম সিদ্দিকী, হাসান, মীর ও সুহাগ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় ভুলতা ফাঁড়ির ইনচার্জ রঞ্জু আহমেদ ও তার টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে গাউছিয়া এলাকায় শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।