বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৪, ২৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় বাউল গানের আসরকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. জসিম।

‎বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের পূর্ব সাহেবপাড়া এলাকায় দুই নম্বর ওয়ার্ডবাসী আয়োজিত সংবাদ সম্মেলনে জসিম মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

‎সংবাদ সম্মেলনে জসিম বলেন, সানারপাড় স্ট্যান্ড এলাকায় মিজান নামে এক ব্যক্তি বাউল গানের আসর পরিচালনা করতেন। ওই আসরের আড়ালে মাদক বিক্রি ও সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দারা একাধিকবার এসব কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হন।

‎পরে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই গানের আসর বন্ধ করে দেওয়া হয় বলে জানান জসিম।

‎তিনি অভিযোগ করেন, আসর বন্ধ হওয়ার পর একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মামলা করেছে। এমনকি নিজেদের বাউলগানের আসরের মালামাল নিজেরাই সরিয়ে ও ভাঙচুর করে এর দায় তাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই এ মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

‎জসিম বলেন, আমি একজন সৎ ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং নিজেদের অপকর্ম আড়াল করতেই এই বানোয়াট মামলা করা হয়েছে।

‎তিনি প্রশাসনের কাছে মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা  উদঘাটন করা হোক।
‎একই সঙ্গে ঘটনার সত্যতা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

‎অন্যদিকে, গত ২৬ জুলাই সাইনবোর্ড-সানারপাড় এলাকায় একটি বাউল শিল্পীর অফিসে হামলা, ভাঙচুর, মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ আদালতে কোট পিটিশন মামলা দায়ের করেন তামিমা আক্তার। মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎মামলাটির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জেসমিন সরকার জানান, কোট পিটিশন মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।