নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। মাদক ও কিশোর গ্যাং দমনে সমন্বিত যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি চাষাঢ়া-পঞ্চবটি সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় এসব দাবি জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক যোগাযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তার নির্বাচনী এলাকাসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অপরাধ দমনে শুধু স্থানীয়ভাবে অভিযান পরিচালনা করলেই হবে না। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেন আব্দুল্লাহ আল আমিন। পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ চাষাঢ়া-পঞ্চবটি সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানান তিনি। তার মতে, এই সড়ক ঘিরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়ার সঙ্গে তাল মিলিয়ে সড়কটি আধুনিকায়ন করা না হলে ভবিষ্যতে যানজট আরও প্রকট হতে পারে।
এ ছাড়া স্টেডিয়াম এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ওই এলাকায় ওভারব্রিজ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে মাটি কাটার বিষয়টিও সভায় তুলে ধরেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। নদীর পরিবেশ ও নাব্যতা রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সভায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, “রাজনৈতিক ভিন্নমত রাজনীতির জায়গায় থাকবে; কিন্তু নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সরকারি দল, বিরোধীদল সবাইকে একযোগে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কোনো অসহযোগিতা থাকবে না।”
তিনি বলেন, জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগব্যবস্থা, পরিবেশ ও নাগরিক সুবিধার উন্নয়নেও সমন্বিতভাবে কাজ করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সহযোগিতায় এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

