ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের বিভিন্ন আসন থেকে নির্বাচিত বিএনপির তিনজন ও এনসিপির একজন নতুন সংসদ সদস্য আজ প্রথমবারের মতো নতুন সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক অঙ্গনের লড়াই পেরিয়ে সংসদে প্রবেশ করা এই চার নেতাকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।
নতুন সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে ইতোমধ্যে তারা প্রস্তুত বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে প্রথমবারের মতো সংসদে প্রবেশ করা চার সংসদ সদস্যকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর জন্য এটি প্রথম সংসদ অধিবেশন। দীর্ঘদিন ধরে রূপগঞ্জের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে জয়লাভের পর তার প্রথম সংসদে অংশগ্রহণকে ঘিরে এলাকায় ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, সংসদে গিয়ে তিনি রূপগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থের বিষয় তুলে ধরবেন।
একইভাবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদেরও এটি প্রথম সংসদ অধিবেশন। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদে আসন নিশ্চিত করেন। আড়াইহাজারে দীর্ঘদিন ধরে সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত এই নেতার সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের জন্যও এটি প্রথম সংসদ অধিবেশন। নির্বাচনের পর থেকেই তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সংসদে যোগ দিয়ে তিনি এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পাঞ্চল সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরবেন বলে আশা করছেন এলাকাবাসী।
অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিম এবার প্রথম বারের মতো সংসদ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। গণঅভ্যুত্থান আন্দোলনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র মেরামত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের একজন নবীন জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এলাকার নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেছেন তিনি।
শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, নদী দূষণ, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলের নানা সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। নারায়ণগঞ্জজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন সংসদ অধিবেশন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাদের আশা সংসদে সক্রিয় ভূমিকার মাধ্যমে জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জোরালোভাবে তুলে ধরবেন নির্বাচিত এই চার সংসদ সদস্য।

