উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জে আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনের ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে ফুটপাথে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জেলা পুলিশ নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, ফুটপাথে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে পথচারীদের চলাচলের জন্য স্থান উন্মুক্ত করা হয়েছে। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

