প্রতীকী ছবি
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা ক্ষতিপূরণ ধার্য্য করেছে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এসব ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ক্ষতিপূরণ ধার্য্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিপূরণ ধার্য্য করা হয়েছে বন্দরের দাসেরগাঁও এলাকার মাহিন এক্সেসরিজ লিমিটেডকে। প্রতিষ্ঠানটির ওপর ১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
ফতুল্লার পাগলা এলাকার নন্দলালপুরে অবস্থিত মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের ওপর ধার্য্য করা হয়েছে ৭৬ হাজার ৯৫০ টাকা।
এ ছাড়া রূপগঞ্জের মুড়াপাড়া গঙ্গানগর এলাকার ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতির দায়ে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
তিনটি প্রতিষ্ঠানের ওপর ধার্য্য করা ক্ষতিপূরণের পরিমাণ মোট ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা দাঁড়িয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সংগৃহীত তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং আইন অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে।
পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবেশগত বিধিবিধান মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এসব ক্ষতিপূরণ ধার্য্য করা হয়েছে।

