ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যৌথবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড সমন্বিতভাবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-৪ আসনের কুতুবপুর ও ফতুল্লা এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যৌথবাহিনীর দীর্ঘ গাড়িবহর টহল দিতে দেখা যায়। এ সময় সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে যৌথবাহিনীর এমন সক্রিয় উপস্থিতি এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে। অনেকেই বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। তারা যৌথবাহিনীর এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন।
নির্বাচন সামনে রেখে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। গোয়েন্দা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, আসন্ন নির্বাচনে অরাজকতা সৃষ্টি করতে পারে এমন সম্ভাব্য দুষ্কৃতিকারীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি ইতোমধ্যে যৌথবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে এবং এতে কয়েকজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির নামও রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব অভিযানে সন্দেহভাজন দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং প্রয়োজনে ডিটেনশন প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বিত এই তৎপরতা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

