শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধানের শীষকে জেতাতে তিন বন্ধুর নিরলস প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষকে জেতাতে তিন বন্ধুর নিরলস প্রচারণা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন জেলা ও মহানগর বিএনপির তিন শীর্ষ নেতা। তারা তিনজনই বাল্যবন্ধু। তারা ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত।

তারা হলেন— নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন এবং বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। দীর্ঘদিনের বন্ধুত্ব আর একই আদর্শের রাজনীতিতে বিশ্বাসী এই তিন নেতা এখন একসাথেই লড়ছেন দলের বিজয়ের লক্ষ্যে।

ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু তাদের। সেই সময়ের বন্ধুত্ব আজও অটুট। রাজনীতির নানা উত্থান-পতন পেরিয়ে বর্তমানে তারা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও মাঠের রাজনীতি থেকে এক মুহূর্তের জন্যও দূরে থাকেননি। দলীয় কর্মসূচি বাস্তবায়ন থেকে শুরু করে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুকুল ইসলাম রাজীব। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন, দলের অবস্থান তুলে ধরছেন এবং জনগণের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে একটি শক্তিশালী নির্বাচনী কাঠামো গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এই দুই নেতা এলাকাভিত্তিক প্রচারণা, পথসভা, উঠান বৈঠক এবং কর্মীসভা আয়োজনের মাধ্যমে ভোটারদের মধ্যে উৎসাহ তৈরি করছেন। দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নে সমন্বয়ের কাজ করছেন।

তিন বন্ধুর একসাথে কাজ করার বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে। 

নেতাকর্মীরা বলছেন, নেতৃত্বে ঐক্য ও বন্ধুত্ব থাকলে মাঠের রাজনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে, যা এবারের নির্বাচনী প্রচারণায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

রাজীব, রিপন ও খোরশেদ তিনজনই আশাবাদী জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমে নারায়ণগঞ্জে ধানের শীষ বিজয়ী হবে। তারা জানান, এটা শুধু নির্বাচন নয়, এটা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সেই লড়াইয়ে তারা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।