ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তাঁর নিজ বাসভবনে কোমলমতি শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছেন।
বুধবার (৪ মার্চ) বিকেলে রূপগঞ্জে তার ব্যক্তিগত বাসভবনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার এতিম, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের আমন্ত্রণ জানানো হয়। শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজখবর নেন সংসদ সদস্য দিপু এবং সবার হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দিপু বলেন, রমজান মাস আমাদের সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে পারলে তবেই রমজানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এবং দলীয় নেতাকর্মীদেরও মানবিক কার্যক্রমে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পবিত্র রমজান উপলক্ষে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শিশুদের জন্য আয়োজন করা ইফতার মাহফিলটি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

