শনিবার, ০৭ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ফিলিং স্টেশন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৯, ৭ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ফিলিং স্টেশন বন্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সানারপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অপর একটি স্টেশনে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে। শনিবার (৭ মার্চ ) দুপুরে  সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে অবস্থিত মেসার্স জোনাকী ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া মেঘনা ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়।

এ সময় দেখা যায়, স্টেশনটি ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে।

মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।