ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেছেন, রূপগঞ্জ উপজেলার কোনো অংশই প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন করা উচিত নয়। বিশেষ করে পূর্বাচল প্রকল্পকে রূপগঞ্জ থেকে আলাদা করার আলোচনা স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাসুদুর রহমান মাসুদ বলেন, মরহুম আব্দুল মতিন চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শিতার কারণেই রূপগঞ্জ আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অঞ্চলে পরিণত হয়েছে। পূর্বাচলের মতো পরিকল্পিত নগরী রূপগঞ্জের গর্ব। অথচ সেই পূর্বাচলকে রূপগঞ্জ থেকে আলাদা করার আলোচনা অত্যন্ত কষ্টের এবং বিস্ময়ের।
তিনি বলেন, রূপগঞ্জজুড়ে মাদকবিরোধী অভিযান চললেও এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যেন চনপাড়াই সন্ত্রাস ও মাদকের একমাত্র কেন্দ্র। এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে পুরো এলাকার মানুষের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এই দুটি ইউনিয়ন প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। অনেকেই বসতভিটা বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হতে পারেন। একই সঙ্গে কিছু ডেভেলপার প্রতিষ্ঠানের আর্থিক সুবিধা বাড়ার আশঙ্কাও রয়েছে।
মাসুদ বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই না রূপগঞ্জের এক ইঞ্চি জমিও রূপগঞ্জের বাইরে চলে যাক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পাওয়ার চেয়ে হারানোর আশঙ্কাই যেন বেশি অনুভব করছি।
তিনি বলেন, রূপগঞ্জ শুধু একটি উপজেলা নয়, এটি এখানকার মানুষের পরিচয়, আবেগ ও শেকড়। এলাকার উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

