ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ইটপাটকেল ও হামলায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা প্রতিরোধ করে। ঘটনাস্থল থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ফাইটার মনির’সহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় আহতদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- পুলিশ সদস্য এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক, পথচারী হেলালউদ্দিন, চালক বাবু এবং এ কে এম শফিউদ্দিন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরের আস্তানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরপরই মনিরকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা চারপাশ থেকে পুলিশের ওপর এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা ২ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।
গুলিবর্ষণে কেউ হতাহত না হলেও মাদক ব্যবসায়ীদের ছোঁড়া ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য ও ৩ পথচারী আহত হয়েছেন। অপরাধীদের ধরতে ওই এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে।"
সাম্প্রতিক সময়ে মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে একাধিকবার মাদক ব্যবসায়ীদের হামলার মুখে পড়েছেন র্যাব ও পুলিশের সদস্যরা। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

