ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রী হলেন, গেন্ডারিয়া থানার ফরিদাবাদ এলাকার মোহাম্মদ রানার মেয়ে তানিয়া আক্তার (২০)। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও আহতের ভাই আদিল আলীর দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় তানিয়া আক্তার রিকশাযোগে ফতুল্লা স্টেডিয়াম এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার হাতে থাকা পার্স ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী ব্যাগ টান দিলে তিনি ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কের ওপর পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৩টা ৪৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ছিনতাইকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

