ফাইল ছবি
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ মার্চ) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর ছয়টার দিকে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়। এসময় তার সঙ্গে থাকা সরকারি পিস্তল নিয়ে পালিয়ে যায় তারা।
এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাটি জেনেছি। বিস্তারিত পরে জানানো হবে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, ছিনতাইয়ের ঘটনাটি সত্যি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে পরবর্তীতে বিস্তারিত জানাবো।

