সোমবার, ১৬ মার্চ ২০২৬

|

চৈত্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, তিন পরিবহনকে জরিমানা ১৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৮, ১৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, তিন পরিবহনকে জরিমানা ১৫ হাজার

চাষাঢ়া এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান

নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চাষাড়া এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও দৃশ্যমান জায়গায় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় তিনটি পরিবহন কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) শহরের চাষাঢ়া এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়।

এসময় পিংকি পরিবহন কাউন্টারে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিদর্শনকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন না করায় আট হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

এসময় একই এলাকায় সুপার লাইন পরিবহন কাউন্টারে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়াও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন না করায় চার হাজার টাকা ও দিয়া নিশা এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা জানান, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে আমরা অভিযান পরিচালনা করেছি। ঈদের সময় পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।