সোমবার, ২৪ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১৮ দিন পর তোলারাম কলেজ ছাত্রাবাস খুলছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩০, ২৩ আগস্ট ২০২৬

১৮ দিন পর তোলারাম কলেজ ছাত্রাবাস খুলছে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি ১৮ দিন বন্ধ ছিল।

রবিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে কলেজ প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ কলেজ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আজিজুল ইসলাম রাজীব বলেন, ছাত্রাবাসটি দ্রুত খুলে দেওয়ার বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির একমত হয়েছে। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ফিরে আসতে পারেন, সে বিষয়ে দুই সংগঠনই সহযোগিতা করবে। পাশাপাশি ক্যাম্পাস ও ছাত্রাবাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে সহযোগিতা করা হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার ধারাবাহিকতায় সমস্যা সমাধানের অংশ হিসেবে বৈঠকটি হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বন্ধ হয়ে যাওয়া ছাত্রাবাস চালু করা এবং অস্থায়ীভাবে থাকা শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা।

প্রসঙ্গত গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কলেজের ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হওয়ার ঘটনায় শের-ই বাংলা ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।