ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
রোববার (২৩ আগষ্ট) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারসহ মহানগরীর নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা বুলবুল হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের চলমান তদন্তের খোঁজখবর নেন। একই সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের বাইরে থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বান জানান তারা।
এসময় মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক সংগঠককে হত্যার ঘটনা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তদন্তে কোনো ধরনের গাফিলতি বা প্রভাব যেন না থাকে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া উদ্বেগও কিছুটা কমবে।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর নেতারা বন্দর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ওসির সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

