মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত: বাংলাদেশ হাই কমিশনের শোক

প্রকাশিত: ২০:৪৭, ২৮ জুলাই ২০২৬

দ. আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত: বাংলাদেশ হাই কমিশনের শোক

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের নিকটবর্তী সমো টাউনে এক অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং একজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এ তথ্য জানিয়েছে।

হাই কমিশন জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফী দুপুরে সমো টাউন, কুইন্সটাউনের উদ্দেশে রওনা হচ্ছেন।

সফরকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন, নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন এবং দক্ষিণ আফ্রিকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

বৈঠকে তিনি ঘটনার সর্বশেষ পরিস্থিতি, তদন্তের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরর্বর্তী করণীয় বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাই কমিশন বদ্ধপরিকর।

বাংলাদেশ হাই কমিশন নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং গুরুতর আহত বাংলাদেশি নাগরিকের দ্রুত আরোগ্য কামনা করছে।