রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৬, ২২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন

কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬

কলেরা প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬’। শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

ক্যাম্পেইনের আওতায় সদর উপজেলার সব ইউনিয়নের বাসিন্দাদের ১ বছর বয়স থেকে সব বয়সী মানুষকে দুই ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতামুক্ত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ এবং মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।

অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২২ আগস্ট ২০২৬ থেকে সদর উপজেলায় এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কলেরা প্রতিরোধে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে ভ্যাকসিন গ্রহণের আগে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত ওয়েবসাইট vaxepi.gov.bd-এ গিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সদর উপজেলার আওতাধীন বাসিন্দাদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে ক্যাম্পেইনের আওতায় দুই ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানানো হয়েছে।