ডা. সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আইভী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভীর।
হাজিরা শেষে বেরিয়ে আইভী বলেন, আমি প্রতিবাদ করেছি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহ আছে, নারায়ণগঞ্জবাসী আছে। তারাই দেখবে।
এদিকে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর আইনজীবীদের তার পক্ষে হাজিরা দেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল। তিনি হাজিরা দিয়েছেন। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির পক্ষে তার আইনজীবী হাজিরা দিবে এই মর্মে আমরা বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত করেছিলাম। আজ আদালত এই আবেদন মঞ্জুর করেছেন।
তিনি বলেন, যখন সাক্ষী শুরু হবে বিচার কাজ হবে তখন তাকে কোর্টে আসতে হবে। যতদিন চার্জশিট না হয় আসামির পক্ষে আইনজীবীর হাজিরা চলবে। আইভী সর্বত্রই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বারবার এটা প্রমান করেছেন।
তিনি আরও জানান, শুধু এই মামলাটিতেই আদালতে আইভীর আইনজীবী তার পক্ষে হাজিরা দেবে বলে আদালত অনুমতি দিয়েছে। বাকি মামলা গুলোতে এখনো এমন কোন সিদ্ধান্ত হয়নি।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। রাতভর আইভীকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সাথে এলাকাবাসীর বাকবিতন্ডা চলে। পরবর্তীতে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকেরা পুলিশকে বাধা দেয় ও গাড়িবহরে হামলা চালায়। এঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আইভীকেও আসামি করা হয়।

