রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাজস্ব কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২২, ২৩ আগস্ট ২০২৬

রাজস্ব কমিটির সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং জনসেবা ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। ভূমি উন্নয়ন কর, খাজনা ও সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

সভায় জেলার বিভিন্ন উপজেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভূমি অফিসগুলোতে ই-নামজারি, অনলাইন খাজনা আদায় ও নাগরিক সেবা দ্রুততর করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সভায় হালনাগাদ তথ্য উপস্থাপন করে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামীমসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তারা। সভা শেষে সবাইকে সমন্বিতভাবে কাজ করে নারায়ণগঞ্জকে একটি রাজস্ববান্ধব ও সেবামুখী জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক।