মাওলানা ফেরদাউসুর রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান। তবে ভিডিওটি কার করা কিংবা তার ব্যক্তিগত কোনো ভিডিও কি না, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। এমনকি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সংবাদ সম্মেলন শেষ করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান দাবি করেন, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কেন্দ্র করে একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি ঢাকার বাইরে থাকায় ঘটনার একদিন পর এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভিডিওটি ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
রাজনৈতিক প্রতিপক্ষ ও বিভিন্ন মহলের অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যদি কোনো অপরাধে লিপ্ত থাকি, তবে দেশে আইন আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সুযোগ না দেওয়ায় এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হট্টগোলের সৃষ্টি হওয়ায় পরে দুঃখ প্রকাশ করে তিনি সংবাদ সম্মেলন সমাপ্ত করেন। ভিডিওটি নিয়ে তিনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দেওয়ায় জনমনে এ বিষয়ে নানা সন্দেহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এতে ধারণা আরো শক্ত হয়েছে যে ভিডিওটি তারই।

