ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি ১১। এর আগে ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে সারোয়ারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সারোয়ার খান (২০) রূপগঞ্জের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের পাইস্কা এলাকার কলি মার্কেটসংলগ্ন আমিনুল খানের বাড়ির পাশে রিপন মিয়া (৪২) ও তার ছেলে শাওন ইফাত একসঙ্গে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়। এ সময় পূর্বশত্রুতার জেরে একদল ব্যক্তি বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো ছুরি দিয়ে রিপন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি নিহত হন। প্রাণভয়ে তার ছেলে শাওন ইফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহত রিপন মিয়া পাইস্কা গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে এবং স্থানীয় যুবদল নেতা ছিলেন। ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে সহায়তা চেয়ে এসআরবি-১১-এর কাছে আবেদন করেন।
গ্রেপ্তারকৃত আসামি সারোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

