ফাইল ছবি
নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া ও আশপাশের এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
একই সঙ্গে ফতুল্লার বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসড়ক ও নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে নিয়মিত টহল।
বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মো. আরাফাত বলেন, বেশ কিছুদিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন চললেও বর্তমানে নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে। নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তেমন নেই। তবে সতর্কতা হিসেবে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবির টহল অব্যাহত রয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নারায়ণগঞ্জ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, আনসার, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে সম্মিলিতভাবে কাজ চলছে।
তিনি আরও বলেন, অধিকাংশ কারখানার শ্রমিক স্বাভাবিকভাবে কাজে ফিরেছেন এবং উৎপাদন কার্যক্রম চলছে। তবে কিছু কারখানায় বেতন-ভাতা ও কর্মপরিবেশ নিয়ে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। এসব বিষয় সমাধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করছে। শ্রমিকদের অভিযোগের বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

