বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতা ও নিজের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, প্রতিবাদ মনির হোসেনের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ১২ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা ও নিজের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, প্রতিবাদ মনির হোসেনের

ফাইল ছবি

নিজের নাম ব্যবহার করে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন মোঃ মনির হোসেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট অনলাইন পত্রিকা ও নিউজ চ্যানেলকে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে এ প্রতিবাদ জানান মনির হোসেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, অনলাইন পত্রিকা ‘আমাদের জাগরণ’ ও নিউজ চ্যানেল ‘নিউজ-৯’-এ তাঁর নাম ব্যবহার করে এলাকার মুরুব্বি মনিরুল ইসলাম রবি ও মফিজুল হকের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কোনো সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি কিংবা তাঁর বক্তব্য নেননি।

জমির বিরোধের বিষয়ে মনির হোসেন জানান, তাঁর বাবা মরহুম সাইফুদ্দিন জীবিত থাকাকালে মৌজা-এটি, দাগ নম্বর ১০৪-এর ১০.৫০ শতাংশ জমি ২০০১ সালের ২ মে ১৪০১ নম্বর দলিলের মাধ্যমে আকাশ ইঞ্জিনিয়ারিংয়ের কাছে বিক্রি করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নামে জমিটি নামজারি ও খারিজ করা হয়।

পরে আকাশ ইঞ্জিনিয়ারিং ওই জমির ৪.৮৮ শতাংশ ২০২২ সালের ২৫ এপ্রিল ৩৭০৯ নম্বর দলিলের মাধ্যমে হারুনুর রশিদের কাছে বিক্রি করে। হারুনুর রশিদও নিজের নামে জমির নামজারি ও খারিজ সম্পন্ন করেন।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে জমির সীমানা নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় আমিনের মাধ্যমে জমি পরিমাপ করে শান্তিপূর্ণভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

মনির হোসেন বলেন, তাঁদের উদ্দেশ্য ছিল জমির প্রকৃত সীমানা নির্ধারণ করে বিরোধের সমাধান করা, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। তাঁর বক্তব্য না নিয়ে এবং প্রকৃত ঘটনা যাচাই না করে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।

তিনি প্রকাশিত সংবাদটি পুনরায় যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো সংবাদটি প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।