রোববার, ১৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় বসছে সাড়ে ৬ বছরের শ্রেয়সী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় বসছে সাড়ে ৬ বছরের শ্রেয়সী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর পবিত্র তিথিতে উদযাপিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কুমারী পূজা। 

এ বছর মা দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে কুমারীর আসনে আসীন হবেন ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সী শিশু শ্রেয়সী ভট্টাচার্য। 

সোমবার (১৯ অক্টোবর) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে আরাধনা করা হবে।

রোববার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমারী রূপী দেবীর আসনে বসা শ্রেয়সী ভট্টাচার্য নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা চিকিৎসক ডা. সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্য দম্পতির কন্যা। সে ভরদ্বাজ (ব্রাহ্মণ) গোত্রের সন্তান।

শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার ধর্মীয় তাৎপর্য তুলে ধরে স্বামী একনাথানন্দ মহারাজ বলেন, সনাতন ধর্মে নারী হচ্ছে জগতজননী মায়ের প্রতীক। কুমারী পূজা মানে হলো স্বয়ং আদ্যাশক্তি মহামায়াকে পূজা করা। সৃষ্টির সকল নারীজাতির প্রতি শ্রদ্ধা ও মাতৃত্বের বোধ জাগিয়ে তুলতে দেবী দুর্গাকে লক্ষ্য করেই একজন নিষ্কলঙ্ক কুমারীকে মাতৃজ্ঞানে বিহিত পূজা করা হয়।

উৎসবে রামকৃষ্ণ মিশনের প্রথা অনুযায়ী মহাঅষ্টমীর দিন বিহিত পূজা এবং দেবীর রূপ দর্শনে ভক্তদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।