ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে বুধবার পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে রয়েছে।
বুধবার দুপুরে শিক্ষার্থীদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৭৬ জন শিক্ষার্থীকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসিইউতে থাকা চারজনের মধ্যে একজনকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন আইসিইউতে চিকিৎসাধীন, যাদের একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় শিক্ষার্থীদের শরীরে দৃশ্যমান দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘন ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে দুটি পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা দিচ্ছেন।
এর আগে গত সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুই কক্ষে আগুন ছড়িয়ে পড়লে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ভবনে রাতে অবস্থান করা প্রায় ২৫০ শিক্ষার্থী ধোঁয়ার মধ্যে পড়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অনেকে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

