ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে চিকিৎসা নিতে আসা ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে মোট ৮৮ শিক্ষার্থী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা বিবেচনায় ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৩৫ জনের চিকিৎসা চলছে। আইসিইউতে থাকা চারজনের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের নাম ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। তবে দেওয়া তথ্যে ইউসুফের নাম দুবার উল্লেখ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পাঠাগার ও অফিসকক্ষে থাকা বইপত্র এবং কাগজপত্রের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভোর পৌনে চারটার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মাদ্রাসাটিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের অধিকাংশই আবাসিক। রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকায় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ার পর অনেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মাদ্রাসাটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি সামনে এসেছে। কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ভবনের কোথাও অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া যায়নি। অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। তবে ভবনের পাশে পানির উৎস থাকায় আগুন নেভাতে সুবিধা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষও এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

