বুধবার, ১১ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, দগ্ধ মিস্ত্রি

প্রকাশিত: ১৬:৩২, ১১ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, দগ্ধ মিস্ত্রি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁনবানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. জহির (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারআনি গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁনবানু ওই গ্রামের জামানের স্ত্রী। সকালে নিজের একতলা ভবনের ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, একই দিন সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইলেকট্রিক মিস্ত্রি মো. জহির। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে মুখমণ্ডল পুড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে তাঁকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। জহিরের ছেলে আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর বাবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।