ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের সূত্রপাত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি।
বুধবার (১১ নভেম্বর) কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

