বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত, তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৮, ১২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত, তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিতের ঘটনায় জেলা বিএনপিতে অসন্তোষ দেখা দিয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এ সিদ্ধান্তের বিষয়ে কিছু জানেন না দাবি করে বলেছেন, দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এককভাবে কারও পদ স্থগিত করার সুযোগ নেই। এদিকে ইকবালের পদ স্থগিতের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একাধিক নেতাকর্মী জেলা বিএনপির আহ্বায়কের একক সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
‎
‎বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেনের সব পদ স্থগিতের কথা জানানো হয়। তবে কী ধরনের কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
‎
‎এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, ইকবালের সদস্য পদ স্থগিতের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও তাঁর মতামত এবং স্বাক্ষরের নিয়ম রয়েছে। কিন্তু তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই আহ্বায়ক এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আহ্বায়কই ভালো বলতে পারবেন।
‎
‎এদিকে পদ স্থগিতের বিষয়ে ইকবাল হোসেন বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে পদ স্থগিত করায় তিনি বিস্মিত ও মর্মাহত। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় কর্মকাণ্ড ও দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর বিরুদ্ধে ৭৬টি মামলা হয়েছিল এবং প্রায় দুই বছর কারাভোগ করতে হয়েছে। তিনি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বিএনপিকে ভালোবাসেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত না করে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, তা-ও তাঁর বোধগম্য নয়।