মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকে যুক্ত হচ্ছে ৩ ইউনিয়ন, মন্ত্রণালয়ের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪১, ১৩ অক্টোবর ২০২৬

নাসিকে যুক্ত হচ্ছে ৩ ইউনিয়ন, মন্ত্রণালয়ের সুপারিশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্থানীয় সরকার বিভাগ। জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো ও স্থানীয় বাসিন্দাদের মতামত বিবেচনায় নিয়ে এ সুপারিশ করা হয়েছে। সম্প্রসারণের প্রক্রিয়া এগিয়ে নিতে সিটি করপোরেশনের বর্তমান ও প্রস্তাবিত এলাকার আয়তন এবং রঙিন মানচিত্রসহ প্রয়োজনীয় তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত ওই চিঠিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ৫ নম্বর বিধি অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন, সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য-উপাত্ত এবং এলাকার বাসিন্দাদের মতামত পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনার ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নের সম্পূর্ণ অংশ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

সুপারিশের তালিকায় রয়েছে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়ন। এসব এলাকার জনসংখ্যা, মানুষের পেশাগত বৈশিষ্ট্য, শিল্পপ্রতিষ্ঠান ও অবকাঠামোগত পরিস্থিতি এবং জনমত বিবেচনায় নিয়ে সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্তির উপযোগী বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।

সীমানা সম্প্রসারণের প্রক্রিয়া এগিয়ে নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান আয়তন, প্রস্তাবিত তিন ইউনিয়ন অন্তর্ভুক্ত হলে নতুন করে যুক্ত হতে যাওয়া এলাকার আয়তন এবং সম্প্রসারণের পর সিটি করপোরেশনের মোট আয়তনের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত এলাকার একটি রঙিন মানচিত্রও জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়ন নারায়ণগঞ্জের জনবহুল ও শিল্পঘন এলাকাগুলোর মধ্যে অন্যতম। এসব এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে নগর এলাকার আয়তন ও জনসংখ্যা বাড়বে। পাশাপাশি নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ, জলাবদ্ধতা নিরসন এবং নগর পরিকল্পনার ক্ষেত্রেও নতুন করে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে এসব সেবা কীভাবে পরিচালিত হবে, তা নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন পরিকল্পনার ওপর।