রোববার, ১৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দ্বিগুবাবুর বাজারে সরকারি জায়গা উদ্ধারের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৯, ১৫ মার্চ ২০২৬

দ্বিগুবাবুর বাজারে সরকারি জায়গা উদ্ধারের উদ্যোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বিগুবাবুর বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জমির মালিকানা, অব্যবস্থাপনা ও ফুটপাত দখল নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বাজারের ভেতরে অনিয়মিত দোকান স্থাপন, সরকারি জায়গা দখল এবং হকারদের ফুটপাতে বসার কারণে এলাকাটিতে যানজট ও জনভোগান্তি বেড়ে গেছে। এ পরিস্থিতি নিরসনে বাজারটির সম্পত্তির পরিমাণ নিরূপণ ও সরকারি জায়গা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, দ্বিগুবাবুর বাজারের ভেতরে কোন জায়গা সরকারি এবং কোনটি ব্যক্তিমালিকানাধীন এ নিয়ে দীর্ঘদিন ধরেই অস্পষ্টতা রয়েছে। ফলে বাজারের ভেতরে পরিকল্পনাহীনভাবে দোকানপাট গড়ে উঠেছে। এতে বাজার ব্যবস্থাপনা জটিল হয়ে পড়েছে এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এসব সমস্যার সমাধানে প্রথম ধাপে বাজারের সম্পত্তি ও মালিকানা নির্ধারণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বাজারের ভেতরে থাকা সরকারি জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো উদ্ধার করা হলে সেখানে কাঁচাবাজারের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। এতে বাজারের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আশপাশের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ করতে আগে থেকেই কিছু শেড নির্মাণ করেছিল সিটি করপোরেশন। এসব শেড মূলত খুচরা ব্যবসায়ীদের জন্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে বড় ব্যবসায়ীরা সেখানে দোকান করে বসেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য এসব ব্যবস্থা করা হয়েছিল, তারা আবার ফুটপাতেই ব্যবসা করতে বাধ্য হচ্ছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি নির্দেশ দিয়েছি দ্বিগুবাবুর বাজারে সম্পত্তির পরিমান নিরুপন করতে এবং এর মালিকানা নির্ধারণ করতে। এরপর সরকারি সম্পত্তিগুলো আমরা উদ্ধার করে এই বাজারের ভিতর আমরা জায়গা করে দিব। সেখানেই কাঁচা বাজার বসতে পারবে।