বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

|

চৈত্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ১৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় গৃহবধূ হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি স্বামী রনিকে (২ গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।

গ্রেফতারকৃত আসামি হলেন— কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ হামিদুল ইসলাম ওরফে রনি (২৭)।

এর আগে ১৮ মার্চ সকালে ফতুল্লা থানার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় একটি পরিত্যক্ত কক্ষে সাবিনা বেগম ওরফে চম্পা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রুবেল কাজী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ১৮ মার্চ আলীগঞ্জ এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

তদন্তে আরও জানা যায়, গত ১৭ মার্চ রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আসামি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মারধর করে এবং গলা চেপে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে রাখে।

১৯ মার্চ দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।