বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

|

চৈত্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনা টোলপ্লাজায় ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যান পারাপার, টোল আদায় সোয়া কোটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৭, ১৯ মার্চ ২০২৬

মেঘনা টোলপ্লাজায় ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যান পারাপার, টোল আদায় সোয়া কোটি

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। 

গত ২৪ ঘণ্টায় মহাসড়কটির মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে রেকর্ড সংখ্যক ৫৩ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৮৭১ টাকা।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভিটিকান্দি উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন।

​সরেজমিনে দেখা গেছে, ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। সরকার ঘোষিত ছুটি শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে শিল্পনগরী নারায়ণগঞ্জ ছাড়ছেন হাজারো মানুষ।

​যাত্রী ও চালকরা জানান, মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা।

​শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) জুলহাস উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১২৪ জন পুলিশ সদস্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন।

​তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তায় আমাদের কোনো গাফিলতি নেই। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। আশা করছি, এবারের ঈদযাত্রায় যাত্রীদের কোনো প্রকার যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।