প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নাগরিক সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মসম্পাদনের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বিষয়ক একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলমসহ জিপিএমএস কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। কর্মশালায় সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতির উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় তুলে ধরা হয়, জিপিএমএসের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিচালনা, কর্মসম্পাদনের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন এবং সেবার গুণগত মান উন্নয়ন করা সম্ভব। পাশাপাশি এটি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ফলাফলভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে দক্ষ জনবল, কার্যকর মূল্যায়ন ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। তিনি জিপিএমএস কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নাগরিক সেবার মান উন্নয়নই সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। এজন্য প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সেবাগ্রহীতাদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জিপিএমএস বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে এ পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে মতবিনিময় করেন।
নাসিক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, জিপিএমএসের সফল বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবায় আরও গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

