দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনুর পিতা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) শহরে ডিআইটি এলাকায় একটি মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মরহুমের সুযোগ্য সন্তান আহমেদুর রহমান তনু আবেগঘন কণ্ঠে বলেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমার বাবা যে আদর্শ ও সামাজিক কাজের ধারা রেখে গেছেন, সেই যাত্রাকে যেন আমরা সাফল্যের সাথে ধরে রাখতে পারি, আল্লাহর দরবারে সেই কামনাই করি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বিশিষ্ট নাগরিক নেতা মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা দীর্ঘদিন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে একসাথে কাজ করেছি। রহমান ভাইয়ের সাথে নারায়ণগঞ্জের নানা নাগরিক ও সামাজিক সংস্কার আন্দোলনে শামিল হওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি সবসময় একজন প্রকৃত অভিভাবক হিসেবে আমাদের পাশে ছায়ার মতো ছিলেন। আমাদের পরম স্নেহে আগলে রাখতেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। রাজনীতিতে তার তুলনা কেবল তিনি নিজেই। তিনি যেমন বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ করেছেন, তেমনই ছাত্র রাজনীতিতেও অনন্য ভূমিকা রেখেছেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি নাগরিক কমিটির সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে বহু জনকল্যাণমূলক কাজ করে গেছেন।
মরহুম আব্দুর রহমান নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি, সংস্কৃতি এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন। তার এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

