রফিউর রাব্বি
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, রহমান ভাই দীর্ঘদিন আমাদের নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাথে দীর্ঘ ৪৫ বছর ছিলেন। একসময় আমাদের নারায়ণগঞ্জ সন্ত্রাসের নগরী হিসেবে সারাদেশে পরিচিত হয়েছিল। আমরা সেসময় মিছিল করেছি আন্দোলন করেছি। রহমান ভাই সবসময়ই আমাদের সাথে ছিলেন।
সোমবার (১৫ জুন) সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ২০১১ সালে আমাদের এখানে হঠাৎ বাস ভাড়া ২২ টাকা থেকে ৩২ টাকা হয়ে গেল। সেসময় আমরা একটি সংগঠন করেছিলাম। সেসময় বহু আন্দোলন হয়েছে, আমরা হরতাল পর্যন্ত করেছিলাম। পরে জেলা প্রশাসক আমাদের ডাকলেন। আমরা আমাদের কথা বললাম। সেখানে সংসদ সদস্য কবরি ছিল পৌরসভার চেয়ারম্যান আইভী ছিল সাংসদ বাবু ছিল। আমরা সবাই ছিলাম বাস ভাড়া কমানোর পক্ষে আর একমাত্র শামীম ওসমান ও বাস মালিকেরা বাস ভাড়া বাড়ানোর পক্ষে ছিল। শামীম ওসমান সেসময় বলে উঠলো রহমান ভাইয়ের পরিচয় পেয়ে যে নাগরিক কমিটির পরিচয় কী। তখন রহমান ভাি বললেন নাগরিক কমিটির পরিচয় তোমার কাছে বলতে হবে নাকি। তোমাকে পরিচয় দিতে হবে? তখন সেখানে বাকবিতন্ডা শুরু হয়ে গেল। সেসময় শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলা নারায়ণগঞ্জে সহজ ছিল না। সেসময় রহমান ভাই প্রশ্ন করেছিলেন তুমি কে? তার এই আপোষহীন ভূমিকার জন্য তিনি সবসময় শ্রদ্ধার জায়গায় থাকবেন।

