সোমবার, ১৫ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৯, ১৫ জুন ২০২৬

ফতুল্লা অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১।

এর আগে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন— জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তোতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩১) এবং চাদপুর জেলার সদর থানার শাহাজানের মেয়ে মাজেদা (২৯)। তারা দুজনই ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

র‌্যাব জানায়, অপহৃত শিশুটির পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের পরিচয় ছিল। পাশাপাশি বাসায় থাকার সুবাদে তারা প্রায়ই শিশুটির সঙ্গে মিশতেন এবং তাকে কোলে নিয়ে আদর করতেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে গত ১২ জুন সকালে শিশুটিকে আদর করার কথা বলে বাসা থেকে নিয়ে যান তারা। শিশুটিকে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে অভিযুক্তরা ফোন করে শিশুটিকে ফেরত দেওয়ার জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় শিশুটির পরিবার র‌্যাব-১১ এর কাছে অভিযোগ জানালে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে র‌্যাব। পরে চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় সোপর্দ করা হয়েছে।