জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, এর আগে এত বড় আঙ্গিকে ও ব্যাপক পরিসরে নারায়ণগঞ্জে কোনো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষার মানোন্নয়নে অসংখ্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের একটি গতকাল স্টার্ট-আপ ও বিজ্ঞান চর্চার উদ্যোগ জেলা পর্যায়ে শুরু হয়েছে, যা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ জুন) নারায়ণগঞ্জে সদর উপজেলায় একটি বৃহৎ বিতর্ক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, বর্তমান আয়োজনটি সদর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। তবে পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এই শিক্ষামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই প্রতিযোগিতার বহুমুখী ইতিবাচক দিক রয়েছে। বিতর্ক করতে হলে শিক্ষার্থীদের প্রচুর তথ্য জানতে হয় এবং গভীর পড়াশোনা করতে হয়। শুধু তথ্য জানলেই চলে না, তা সুনির্দিষ্ট যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করতে হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাচনভঙ্গি, সময় সচেতনতা ও উপস্থাপনা শৈলীর এক অনন্য দক্ষতা তৈরি হয়। খুব অল্প সময়ে তাৎক্ষণিকভাবে যুক্তি-পাল্টা যুক্তি দেওয়ার যে মানসিক ক্ষমতা, তা এই প্রতিযোগিতার মাধ্যমেই শিশুরা রপ্ত করতে পারে।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে তিনি বলেন, চলমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এবার 'পরিবেশ ও জলবায়ু'কে বিতর্কের মূল বিষয় হিসেবে নির্ধারণ করেছি।
তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, আমরা বাচ্চাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষেই একপ্রকার ছেড়ে দিচ্ছি, যেখানে সমাজ ও বাস্তব জীবনে নানা রকম সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা তাদের সেই চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে তৈরি করছি কি না? আমরা যদি নতুন প্রজন্মকে সঠিক দক্ষতায় গড়ে তুলতে না পারি, তবে তারা প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এগিয়ে যাবে কীভাবে?
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

