ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার করেছে র্যাব-১১। এসময় মাদক উদ্ধার করা হলেও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
রোববার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।
এর আগে গতকাল রাত ৯টার দিকে রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করে র্যাব ১১।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা তাদের ফেলে যাওয়া মাদকদ্রব্য জব্দ করেন।
র্যাব-১১ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

