ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, দুপুর দেড়টার দিকে বিশ্বরোড এলাকায় দীন ইসলামের মালিকানাধীন একটি কাগজের কার্টনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুটি কনফেকশনারি দোকান, একটি কাগজের কার্টনের দোকান এবং একটি ভাঙারি দোকানসহ মোট চারটি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ায় অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

