ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ৫৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে এহসান চৌধুরী ফারুককে সভাপতি এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত মসজিদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রমের সম্প্রসারণ এবং মুসল্লিদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে নতুন কমিটির সদস্যদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হামিদুর রহমান চৌধুরী ও এম. এ. হোসাইন সাঈদ। সহ-সভাপতি পদে রয়েছেন মোবারক হোসেন চৌধুরী, আলতাফ সরকার ও চৌধুরী জাফর সাদেক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শরিফ চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে কাজী সিরাজুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রাহাত চৌধুরী দায়িত্ব পেয়েছেন। কমিটির সাধারণ সদস্য হিসেবে একরামুল কবির মামুন, নিয়াজ মোহাম্মদ মাসুমসহ মোট ৪১ জন অন্তর্ভুক্ত রয়েছেন।
মসজিদের সার্বিক দিকনির্দেশনার জন্য একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন— চৌধুরী মোহাম্মদ মাহাবুব, হাজী শাহ আলম, জামাল উদ্দিন চৌধুরী, সৈয়দ ওবায়েদ উল্লাহ, শাহজাহান ভূঁইয়া, রুমি চৌধুরী, কাজী দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, মোস্তফা হাবিব চিশতী চৌধুরী এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি এহসান চৌধুরী ফারুক মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও বেগবান করতে স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানান, মসজিদের সুশৃঙ্খল পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের সেবার মান বৃদ্ধিতে নতুন কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন মসজিদের সাধারণ মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী।

