প্রতীকী ছবি
২০২৫-২৬ অর্থবছরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছয়টি বেসরকারি স্কুল ও মাদ্রাসার মেরামত ও সংস্কার কাজের জন্য মোট ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করেছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্মারক অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় এসব প্রতিষ্ঠানের মেরামত ও পুনর্বাসন কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় রূপগঞ্জের দুটি মাদ্রাসা—মর্তুজাবাদ দারুল উলুম ফাযিল মাদ্রাসা এবং হাজী আবু তাহের ভূঁইয়া মহিলা মাদ্রাসার মেরামত ও সংস্কার কাজের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় রূপগঞ্জের চারটি বিদ্যালয়ের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—গণ বাংলা উচ্চ বিদ্যালয়, গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়, নূরুল হক উচ্চ বিদ্যালয় এবং হাজী নূর উদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয়। প্রতিটি বিদ্যালয়ের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত বরাদ্দের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ই-জিপি (LTM) পদ্ধতিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করতে হবে।
এছাড়া সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিয়ে সংস্কার কাজের আইটেম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

