অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৬৩ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাঁচপুরের শামীম হোসেন স্টোর থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদীয়া প্যাকেজিং নামের প্রতিষ্ঠান থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে মোট ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫-এর ৪(খ) ধারার আওতায় কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এসময় অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

