রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপনডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেপ্তার

মিজানুর রহমান সোহেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামে এক সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমান সোহেল (৪১) কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের পাঁচ থেকে ছয়জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে সোহেলকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই দলের সদস্যদের মধ্যে রাকিব (৩৫), নাহিদ (৩৩), আলামিন (২৫), ইউসুফ (৩০) এবং আরও এক থেকে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছে।

পুলিশের তথ্যমতে, রাকিবের বাবার নাম ও ঠিকানা জানা যায়নি। সে ‘শ্রাবণ’ নামের একটি গাড়ির হেলপার হিসেবে কাজ করে। নাহিদ কাঁচপুর উত্তরপাড়া এলাকার মজিবরের ছেলে। একই এলাকার আলামিন এবং অজ্ঞাত পরিচয়ের ইউসুফও ওই দলের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।