মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে স্বামী স্ত্রীকে কোপাল অজ্ঞাতরা, স্ত্রীর মৃত্যু স্বামী হাসপাতালে 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪৩, ১ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে স্বামী স্ত্রীকে কোপাল অজ্ঞাতরা, স্ত্রীর মৃত্যু স্বামী হাসপাতালে 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী শ্যামা চন্দ্র দাস (৫০) আহত হয়েছেন। 

শুক্রবার (১ মার্চ) সকালে বন্দরের লেজাস এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ এবং গুরুত্বর আহত স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাতের যেকোন সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহতের মেয়ে।

এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও ম্যানেজার ফরিদা বেগম ও ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী পলাতক আছে।

নিহতের মেয়ে মলি জানান, আমরা চার বোন। দুই বোন বিয়ের পর জামাইয়ের বাড়িতে থাকে। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় উচ্চ শব্দ ছিল। সেখানে আমি ও আমার বোন যাই। পরে সেখান থেকে এসে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে শুয়ে পড়ি। সকালে মাকে গার্মেন্টসে যাবার জন্য ডাকতে গেলে দেখি রক্তাক্ত অবস্থা। তখন দেখি বাবা বেঁচে আছেন। তিনি আমাদের হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন।

মেয়ে মলি জানান, ফরিদার সাথে গ্যাসের চুলার রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল তাদের। সেই দ্বন্দ্ব থেকেই তার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে।  

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মেয়ের অভিযোগে ইতোমধ্যে ফরিদা ও তার ছেলেকে আটক করা হয়েছে। ফরিদার পলাতক স্বামী ফরিদকে আটক করতে পুলিশ কাজ করছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো যাবে।